২২টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত
‘জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল বিষয়’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর রয়টার্স।
২২টি ইউটিউব চ্যানেল ছাড়াও তিনটি টুইটারঅ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
খবরে বলা হয়, ব্লক করা ইউটিউব চ্যানেলগুলোতে ২৬০ কোটিরও বেশি দর্শক ছিলো। চ্যানেলগুলোর মধ্যে ১৮টি ভারতীয় এবং চারটি পাকিস্তানভিত্তিক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এই চ্যানেলগুলো ভারতীয় সশস্ত্র বাহিনী এবং জম্মু ও কাশ্মীরের মতো বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পোস্ট করতে ব্যবহৃত হয়েছিলো। এছাড়াও চ্যানেলগুলোতে কিছু ভারত-বিরোধী বিষয়ও ছিল।
ব্লক করা ভারতীয় ইউটিউব চ্যানেলগুলো নিউজ অ্যাঙ্করদের ছবিসহ কিছু টিভি নিউজ চ্যানেলের টেমপ্লেট এবং লোগো ব্যবহার করছিলো, যাতে দর্শকদের সহজে বিভ্রান্ত হয়ে ভুয়া খবরগুলো সত্যি মনে করতো।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য’ ১৩০ কোটিরও বেশি ভিউসহ ৩৫টি পাকিস্তান-সমর্থিত ইউটিউব চ্যানেল ব্লক করেছিলো ভারত সরকার।
ডিবিটেক/বিএমটি